কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রামের জিইসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রহমান বদি কক্সবাজারে ইয়াবা গডফাদার হিসেবে পরিচিত। টেকনাফের এক ব্যবসায়ীর করা হত্যাচেষ্টার দায়ে করা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম বণিক বার্তাকে জানান, মঙ্গলবার রাত আটটার দিকে চট্টগ্রামের জিইসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সাবেক এই সাংসদকে কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বুধবার (২১ আগস্ট) তাকে আদালতে তোলা হবে। তার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে টেকনাফ থানার শাপলা চত্বরে সরকারের পতনের দাবিতে মিছিল শুরু হলে আব্দুর রহমান বদি, জাফর চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন সেই বিক্ষোভ মিছিল প্রতিরোধ করতে চেষ্টা করে। এসময় স্থানীয় বাসিন্দা মুহাম্মদ আব্দুল্লাহ নামের এক ব্যবসায়ীর শপিংমলে হামলা চালায় বদির অনুসারীরা। এসময় তারা আব্দুল্লাহের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, নৈশ প্রহরীসহ আরো কয়েকজনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে এবং মামলার বাদী মুহাম্মদ আব্দুল্লাহকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় দোকানগুলো থেকে মালামাল ও আনুমানিক ৬০ লাখ নগদ টাকা লুট করে বদির নেতৃত্বে আসা হামলাকারীরা। এসময় প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয় বলে উল্লেখ করা হয় মামলায়। পরে ১৮ই আগস্ট বদি, জাফর চেয়ারম্যানসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।









