একুশে পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড. গোলাম মুরশিদ মারা গেছেন। গতকাল বাংলাদেশ সময় বিকাল ৪টায় লন্ডনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
গোলাম মুরশিদের স্ত্রী এলিজা মুরশিদের বরাত দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) অধ্যাপক স্বরোচিষ সরকার তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাম মুরশিদ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
গোলাম মুরশিদের জন্ম ১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবন শুরু হয় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরে প্রায় দুই দশক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩ পর্যন্ত তিনি লন্ডনের বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন।










