জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। আজ রোববার হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানী বাণিজ্য স্বাভাবিক থাকলেও ধর্মঘটের কারণে পণ্য পরিবহন বিঘ্নিত হচ্ছে। এতে করে বন্দর অভ্যন্তরে পণ্যজটের সৃষ্টি হচ্ছে। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বণিক বার্তাকে বলেন, সকাল থেকেই হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। একইসঙ্গে পণ্য নেয়ার জন্য বাংলা ট্রাক প্রবেশ অব্যাহত রয়েছে। আজ এ পর্যন্ত বন্দরে ৫০ টি ট্রাক প্রবেশ করেছে।

তিনি আরো বলেন, অন্যান্য দিনের তুলনায় বন্দরে প্রবেশে বাংলা ট্রাকের সংখ্যা কিছুটা কম রয়েছে। যেখানে আগে ৩৫০ থেকে ৪০০ ট্রাক বন্দরে পণ্য নেয়ার জন্য আসতো, সেখানে গতকাল মাত্র ২৪০টি এসেছে। বাংলা ট্রাক কম ঢোকার কারণে বন্দরের অভ্যন্তরে পণ্যজটের সৃষ্টি হচ্ছে।

ধর্মঘটের কারণে হিলি থেকে রাজধানী ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।  এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সড়কে প্রচুর পরিমানে সিএনজি, ইজিবাইক, ভ্যান-রিক্সা চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।