কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে ২০০ কিলোমিটারের দেশের দীর্ঘতম আলট্রা ম্যারাথন কোস্টাল আলট্রা অনুষ্ঠিত হয়েছে। সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও— এই স্লোগানকে সামনে রেখে গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতা চলছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’ আয়োজিত এই ম্যারাথনে দেশী-বিদেশী প্রায় ৪০০ জন দৌড়বিদ অংশ নেন।
আয়োজকদের প্রধান সমন্বয়কারী সুফি মোহাম্মদ সেলিম রেজা জানান, পরিচ্ছন্ন উপকূল ও পরিবেশবান্ধব পর্যটন চর্চার বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আলট্রা-ম্যারাথন সাধারণ ম্যারাথনের চেয়ে দীর্ঘ, যেখানে কমপক্ষে ৫০ কিলোমিটার বা তার বেশি দৌড়ানো হয়। এবারই প্রথম বাংলাদেশে ২০০ কিলোমিটার দীর্ঘ দৌড়ের আয়োজন করা হলো।
এই প্রতিযোগিতার লক্ষ্য স্পোর্টস ট্যুরিজমকে জনপ্রিয় করা, পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা ও টেকসই উন্নয়নে মানুষকে সচেতন করা। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে আলট্রা-ম্যারাথনের জনপ্রিয়তা বেড়েছে। আয়োজকরা আশা করছেন, বাংলাদেশেও এটি নিয়মিত আয়োজন হিসেবে পরিচিতি পাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কিলোমিটার—এই চারটি ক্যাটাগরিতে দৌড়ে অংশ নেন। দেশের দীর্ঘতম ২০০ কিলোমিটার দৌড়ে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন এ বি এম সিদ্দিকুল আবেদীন।
এই আয়োজনের কমিউনিটি পার্টনার ছিলো ভার্টিকাল ড্রিমার্স ও হেমন্ত রাইডার্স। চ্যারিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল পার্বত্য এলাকার শিশুদের জন্য কাজ করা পাওমাং শিশু সদন ও মানবিক সংগঠন হাফ ম্যাড হিউম্যান।
আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, আরটিএমআই ও কক্সবাজার জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করেছে। এছাড়া প্রতিযোগিতার সমগ্র সময়জুড়ে ২৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণকারীদের সহায়তা করেছেন।










