ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। শনিবার (২৮ জুন) ভোর সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া থানার বিপরীতে লন্ডন স্কুলের পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর সদরের মৃত বজলুর রহমানের ছেলে মো. জিল্লুর রহমান (৬৫), ইনসান আলীর ছেলে ডা. জালাল (৬৫), যশোর সদরের ডা. আব্দুল হালিম (৫৫) ও বাসের হেলপার হাসিব (৩২)।

হাসাড়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, যশোরের নওয়াপাড়া থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-৪২৯৬) চলন্ত অবস্থায় সামনে থাকা মিনি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জিল্লুর রহমান ও ডা. জালাল মারা যান। গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. আব্দুল হালিম ও হাসিব।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠিয়েছে।

হাসাড়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর বাস ও মিনি ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে উভয় গাড়ির চালক পলাতক রয়েছে।