দিনাজপুরের হিলিতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই রুহুল আমিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ৮টায় হিলির মোংলা বিদেশী পাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নিহতের নাম মোক্তারুল ইসলাম (৩০)। তিনি হিলির মাধবপাড়া গ্রামের সাহেব উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, বাড়ির এক শতক জমি নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রুহুল আমিন কাঠের বাটাম দিয়ে বড় ভাই মুক্তারের মাথায় আঘাত করে। তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আঞ্জুয়ারা বেগমকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের মা মনিজা বেওয়া বাদী হয়ে বৃহস্পতিবার রাতে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।









