বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে স্থায়ী পে-কমিশন গঠন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট পদ ও স্কেল বৈষম্য নিরসনের জন্য সচিবালয় এবং সচিবালয়ের বাইরের সব কর্মচারীর এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি সমিতির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও মহাসচিব মো. ছালজার রহমান।
কর্মচারীদের নবম পে-স্কেলসহ ভাতাদির অসংগতি দূর করা, পদ ও বেতনবৈষম্য দূর করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে অনতিবিলম্বে সব দপ্তর-অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন করে বেতন ও পদবিবৈষম্য দূর করে কর্মচারী অঙ্গনের বৈষম্য নিরসনসহ ২০১৫ সালের অষ্টম পে-স্কেলের কর্মচারীদের হরণ করা তিনটি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালসহ প্রজাতন্ত্রের সব কর্মচারীর এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. লুৎফল রহমান, আনোয়ারুল ইসলাম তোতা প্রমুখ।










