টাঙ্গাইলের বাসাইলে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে এলাকায় ঘোরাফেরা করার নাহিদ ইসলাম নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার শ্বশুরবাড়িটিকে লকডাউন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ নির্দেশনা দেন।
জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) ওই ব্যক্তি তার কর্মস্থল ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে বাসাইল পৌর এলাকার পশ্চিমপাড়ায় তার শ্বশুড় আলম মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে পরদিনই নাহিদ তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঘুনাইপাড়ায় এবং কর্মস্থল ঢাকায় যাতায়াত করেন। এতে স্থানীয়রা তাকে বাধা দিলে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন নাহিদ।
এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ওই ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। এজন্য তাকে জরিমানা ও তার শ্বশুড়বাড়ি লকডাউন করা হয়েছে।’









