দিনাজপুরের বিরামপুরের দাউদপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ২ হাজার ২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৭টায় বিরামপুরের দক্ষিণদাউদপুর সীমান্তের ২৯০ নং মেইন পিলারের ২৭নং সাবপিলার সংলগ্ন কবিরাজ পাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে মালামালগুলি উদ্ধার করে বিজিবি।
বিজিবি দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন জানান, ভারত থেকে মাদকদ্রব্যের বড় একটি চালান নিয়ে একদল মাদককারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। এর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সোমবার ভোরে দাউদপুর সীমান্তের কবিরাজপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেলে পালিয়ে যায়।
পরে সকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাঁশঝাড়ের মধ্যে থেকে মাটির নিচে পুঁতে রাখা ২ হাজার ২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া মালামালগুলির বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৯ লাখ ৫৮ হাজার ৫শ টাকা বলেও জানান সুবেদার হেলাল উদ্দিন। মালামালগুলি ধ্বংসকরণের লক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।









