তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেফতার আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে হাজির করা হয় জামশেদকে। এ সময় র‌্যাব রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ।

এর আগে নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে গ্রেফতার করে র‌্যাব-১১। গতকাল ভোরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বিরুদ্ধে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের পর হত্যার নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ঢাকার মিরপুর থেকে জামশেদ শেখকে গ্রেফতার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে সে সরাসরি জড়িত। তিনদিনে এ মামলায় চারজনকে গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা। মঙ্গলবার মো. শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও মো. কাজল হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।