গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ নিয়ে টানা তিনদিন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুই সংগঠনের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটল।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে গতকাল সকালে ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ শীর্ষক শোভাযাত্রা বের করলে তাতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তোলে ছাত্রদল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা, পরে হাতাহাতি ও দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের দাবি, সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আশিক আহমেদ অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে কর্মসূচি পালন না করার অনুরোধ জানানো হলেও শিবিরের নেতাকর্মীরা তা উপেক্ষা করে ছাত্রদলের ওপর হামলা চালায়। এতে তাদের পাঁচ-ছয়জন আহত হন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম দাবি করেন, শান্তিপূর্ণ শোভাযাত্রায় ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার বেলাল হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত ৩০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে সংঘর্ষ কলেজ ক্যাম্পাস ছাড়িয়ে চাষাঢ়ার কলেজ রোডে ছড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা, বাঁশ ও লোহার পাইপ দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, ‘আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।’
ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান অভিযোগ করেন, কলেজের ভেতরে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল। অন্যদিকে কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়ার দাবি, শিবিরের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ করতে গেলে তারা ছাত্রদলের ওপর চড়াও হয়।
এর আগে মঙ্গলবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি মাদরাসা-ই-আলিয়ায় এবং সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।










