ঝিনাইদহে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে তার ব্যবহূত গাড়ি। গতকাল সন্ধ্যায় শহরের ধোপাঘাটা নতুন সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, তার ভাই আবু শাহরিয়ার জাহেদী প্রজ্জল, লাবলুর রহমান, রুবেল হোসেন ও মমিনুল ইসলাম।

প্রার্থী হিজল অভিযোগ করেন, বিকাল সাড়ে ৫টার দিকে শহরের গোবিন্দপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করে শহরের ধোপাঘাটা নতুন সেতু এলাকায় এসে পৌঁছান তারা। এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা মোটরসাইকেলে স্লোগান দিতে দিতে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের ওপর তারা ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে হামলাকারীরা প্রার্থী ও তার ভাইসহ আরো তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় আত্মরক্ষার্থে তিনি তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। পরে হামলাকারীরা স্থান ত্যাগ করলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, এ ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।