মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পরানপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।
বুধবার (৯ সেপ্টম্বর) বাদ জোহর অনুষ্ঠিত এ জানাজায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার আনিসুজ্জামান-সহ রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে, মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন আমেনা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।










