আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চার দফা দাবিতে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৩০ অক্টোবর বেলা ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি।
এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে—ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; সাইবার আইনসহ সব ‘কর্তৃত্ববাদী আইন’ বাতিল করা এবং অবিলম্বে জুলাই গণহত্যায় বিচার সম্পন্ন করতে হবে।
গতকাল এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনসিপি অভিযোগ করেছে, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখা হয়েছিল, তা বর্তমানে খুন, সরকারদলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই ও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাধাগ্রস্ত হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পেশাজীবীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি দলটির।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাংবাদিক হত্যা, মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেয়া এবং প্রকাশ্য দিবালোকে ডাকাতির মতো ঘটনা ঘটছে। অন্যদিকে চাল, ডাল, তেল, ডিম ও এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদেই এ কর্মসূচি নেয়া হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে এনসিপি জানায়, ১৫ অক্টোবর নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়। পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে আরো একজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে একদিনে ৫০-৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর সরকারদলীয় একজন সংসদ সদস্যের নেতৃত্বে মিরপুরে রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১১৩ জন এবং গণপিটুনিতে ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ৬৩৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) বরাতে এসব পরিসংখ্যান তুলে ধরেছে এনসিপি।
এসব পরিস্থিতির প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে আয়োজিত গণবিক্ষোভে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।









