বণিক বার্তার বরিশাল জেলা প্রতিনিধি এম মিরাজ হোসাইন মারা গেছেন। গতকাল বেলা দেড়টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৯ বছর। মিরাজ হোসাইন বাবা, স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন।
এম মিরাজ মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়া বাড়ির নুরুল হক মিয়ার জ্যেষ্ঠ সন্তান। আজ সকালে নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে বরিশালের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বরিশাল প্রেস ক্লাব তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বার্তা সম্পাদক ফোরাম, সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
এছাড়া শোক প্রকাশ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।










