সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লায় নিজ ঘর থেকে এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলেন, গৌরাঙ্গ ষোঘ (২৮) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (১৯)।
গৌরঙ্গের মা রুবি রানী ঘোষ জানান, সকাল হলেও দীর্ঘক্ষণ ঘুম থেকে না জাগায় ছেলে ও পত্রবধূকে ডাকতে যান তিনি। সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভেঙে দুজনকেই মৃত অবস্থায় দেখতে পান তারা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে খবর পেয়ে স্থানীয় ব্রজগোপাল ঘোষের বাড়ীতে গিয়ে তার ছেলে গৌরাঙ্গ এবং তার স্ত্রী তমা রানীর রক্তাক্ত লাশ পাওয়া যায়। লাশদুটো তাদের ঘরের মেঝেতে পড়ে ছিল।
ওসি গোলাম মোস্তফা বলেন, আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনের মধ্যে একজন অন্যজনকে হত্যার পর আত্মহত্যা করেছেন। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।









