কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন, কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণে আগামী ১- ২ বছরের মধ্যে দেশে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। এরই মধ্যে এ বিষয়ে পাইলটিং কার্যক্রম শেষ হয়েছে। আজ রাজধানীর শেরাটনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিশ্বব্যাংক ও সানেম।

মন্ত্রী বলেন, মৌসুমে কৃষক তার উৎপাদিত পণ্যের দাম পান না। সেগুলো সংরক্ষণেরও সুযোগ নেই। সেজন্য আমরা মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমরা দায়িত্ব নেয়ার পর পাইলটিং প্রোগ্রামও শেষ করেছি। সেখানে দুর্দান্ত ফল পেয়েছি। এখন আমরা বাস্তবায়ন করব।

তিনি বলেন, ১-২ বছরের মধ্যে ২ হাজার কোল্ড স্টোরেজ স্থাপন করব। প্রতিটিতে ১৫-২০ জন কৃষকের একটি সমিতি থাকবে। অর্থাৎ সেখানে ৪০ হাজার কৃষক সুবিধা পাবেন। এসব কোল্ড স্টোরেজে সৌরবিদ্যুতে চলবে। ফলে বিদ্যুৎ নিয়েও দুশ্চিন্তা থাকবে না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক (বাংলাদেশ ও ভুটান) জ‍্যঁ পেম। প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. মনসুর আহমেদ ও রিসার্চ এনালিস্ট জোনায়েদ শহল।

পরে বিশ্বব্যাংকের রিজিওনাল প্রাকটিস ডাইরেক্টর ড. ডিনা-উমালি-ডেইনিনজারের মডারেশনে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান, এফএও-র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জিয়াকুন শি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী।