দেশে টানা কয়েক মাস কমানোর পর উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম এবার বাড়ানো হয়েছে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা। নতুন দর আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে গত মাসে কমানো হয়েছিল ১৯ টাকা ২২ পয়সা।
রোববার ( ৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত বছরের মে মাস থেকে প্রতি মাসে দাম সমন্বয় করে আসছে বিইআরসি।
বিইআরসির নতুন দর অনুযায়ী, জেট ফুয়েলের লিটার দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ৫২ পয়সা, যা আগে ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এ দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক শূন্য ৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।










