সরকার রাজনৈতিক দলগুলোকে একটু সময় দিতে চায়। তারা নিজেরা আলোচনা করে সম্মত হতে পারে কি না তা একটু দেখতে চায় সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে টানা ১৫ বছর একসঙ্গে আন্দোলন করেছে। আমরা ওনাদেরকে একটু সময় দিতে চাই। যেসব বিষয় উল্লেখ করলাম সেগুলোর বিষয়ে নিজেরা আলোচনা করে এগ্রি করতে পারে নাকি আমরা একটু দেখি।

ঐকমত্যে পৌঁছাতে না পারলে সরকারের দায়িত্ব কী হবে, সরকার কী সিদ্ধান্ত গ্রহণ করবে— এ প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমরা কোনো আলটিমেটাম দেইনি। আমরা আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করবো। অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে।

চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, এ অবস্থান থেকে সরে এসেছেন কি না— এ প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমি বলেছিলাম চূড়ান্ত সিদ্ধান্ত নিবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত থেকে আমরা মোটেও সরে আসি নাই। রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সুপারিশ প্রত্যাশা করা গুড জেশচার হিসেবে দেখতে পারেন।

সরকার আলোচনার আয়োজন করবে কি না, এ প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছে। ওনারা স্বীয় উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এই প্রত্যাশা করছি। আমি কালকেই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই।