গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেয়া আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ডাকাতি হওয়া ১৯টি গরুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ফিফিংয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এসব তথ্য জানান। গ্রেফতাররা হলেন তোফা মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), ফরহাদ (২৬) ও মোজাম্মেল (২৬)। 

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, রাত সাড়ে ৪টার দিকে দিনাজপুর থেকে একটি গরু বোঝাই ট্রাক কুমিল্লা যাচ্ছিল। ট্রাকটি রুপগঞ্জের গোলাকান্দাইল এশিয়ান সড়কে পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর মতো ট্রাকে লেজারলাইট মেরে ট্রাকটি থামাতে ইঙ্গিত দেয় ডাকাতরা। ড্রাইভার ট্রাকটি থামালে ৭-৮ জন ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বেপারি, ট্রাকের চ্রালক ও হেলপারের পা বেঁধে ফেলে। পরে গরু বোঝাই ট্রাক ছিনিয়ে নিয়ে যায়। 

পরে গরু ব্যবসায়ী জামির হোসেন রুপগঞ্জ থানায় অভিযোগ দিলে রুপগঞ্জ থানা পুলিশ ডাকাত তোফা মীর শাওন ও নাদিম হাসান আনিসকে অস্ত্রসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, রাজধানীর ডেমরার সারুলিয়া বাজারের কসাই মোজাম্মেলের কাছে গরুগুলো বিক্রি করেছে। পরে পুলিশ সারুলিয়া বাজারে অভিযান চালিয়ে কসাই মোজাম্মেল, কাউছার, ফরহাদ ও জুয়েলকে গ্রেফতার করে এবং তাদের হেফাজতে থাকা ১৯টি গরু উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গ্রেফতারকৃত ডাকাতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা র্দীঘদিন ধরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে, ৩০০ ফিড সড়কে ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল।