পঞ্চগড়ে জেলা প্রশাসকসহ সরকারি অফিসের কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। 

এসআই দ্বীন মোহাম্মদ জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে অল্প টাকায় আমেরিকা নিয়ে যাওয়ার জন্য প্রার্থী সংগ্রহ করছিল তারা। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পঞ্চগড় সদর থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারক চক্রের মূল হোতা মোস্তাফিজুর রহমানকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, গতকাল সদর থানা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়।