সংবিধান সংশোধন ও জুলাই সনদের আলোকে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় অতীতে বিভাজন থাকলেও, বর্তমানে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সকল রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
মো. আসাদুজ্জামান বলেন, বিভিন্ন দেশে বিপ্লব বা গণআন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে ওঠে এবং সেই ভিত্তিতেই গণতান্ত্রিক অগ্রগতি নিশ্চিত হয়। বাংলাদেশেও জুলাই সনদের আলোকে একটি গ্রহণযোগ্য ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, কিছু রাজনৈতিক প্রস্তাবে জুলাই সনদের বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তবে সংলাপ ও আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আরো বলেন, বর্তমান সময়ে সংসদে অর্থনীতি, কৃষি, সামাজিক নিরাপত্তা ও সাধারণ মানুষের কল্যাণসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরো বেশি আলোচনা প্রয়োজন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মো. আসাদুজ্জামান বিভেদ ভুলে, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে, একসঙ্গে কাজ করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।









