নরসিংদীতে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজানোকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অপু দাস (৩৪) নামে এক ভিডিওম্যান ঘটনাস্থলেই নিহত ও অপর দুজন আহত হয়েছে। নরসিংদী সদর উপজেলার হাজীপুর মধ্য দাসপাড়ায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের অনিল দাসের পুত্র অপু দাস উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি সাউন্ড বক্স দিয়ে তার নিজ বাড়িতে গান বাজাচ্ছিল। এসময় প্রতিপক্ষ নুরুল ইসলামসহ চার থেকে পাঁচজন ঘটনাস্থলে এসে গান বাজনা বন্ধ করতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই অপু দাস নিহত ও তার ছোট ভাই দিপু দাস (২৬) এবং প্রতিবেশী আল-আমিন (৪৫) আহত হয়।
গুরুতর আহত আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানান, এ ঘটনায় নুরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।









