ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছেন এনসিপির প্রার্থী মনিরা শারমিন। রোববার (৩ মে) ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার একজন প্রতিনিধি এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন।
চিঠিতে মনিরা শারমিন উল্লেখ করেন, সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিলেও গত ২৩ এপ্রিল তা বাতিল করা হয়। ওই আদেশের বিরুদ্ধে করা আপিলও ২৮ এপ্রিল খারিজ হয়। পরবর্তীতে তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত ও আপিল আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করেন। এ রিট নম্বর-৫৪৬১/২৬, যার শুনানি আগামীকাল সোমবার হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে হবে।
এ অবস্থায় রিটের শুনানি না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়া এবং গেজেট প্রকাশ স্থগিত রাখার অনুরোধ জানান তিনি।
ইসি কর্মকর্তারা বলছেন, মনিরা শারমিনের রিট আবেদনের শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করতে বললে আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে জামায়াত জোটের প্রার্থীরা ভোট দিয়ে দুই প্রার্থীর একজনকে বেছে নিতে পারবেন। আর আদালত খারিজ করে দিলে নুসরাত যাবেন সংসদে।










