টাঙ্গাইলের গোপালপুরে লকডাউনের নামে রাস্তা অবরোধ করে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদাবাজির সময় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে সোনাইমুড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরের দিন এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, আক্তার হোসেন (৪১), আবু হানিফ (৩৫), মোঃ ইসমাইল (২৮) ও মো. রফিকুল (২৭)। এদের সবার বাড়ি উপজেলার হেমনগর ইউনিয়নের সোনামুই গ্রামে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, পুলিশের টেলিসেবা কেন্দ্র ৯৯৯ থেকে গত বুধবার রাতে তাদের জানানো হয়, ভূঞাপুর তারাকান্দি সড়কের সোনামুই বাজার এলাকায় কিছু লোক পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছে। এরপর গোপালপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে চাঁদা তোলার সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করে।
পরে বৃহস্পতিবার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বাদী হয়ে ওই চারজনকে আসামি করে দ্রুত বিচার আইনে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।









