নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার কথা না বলে মন্তব্য
করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সার্বিকভাবে দেশের
নির্বাচন ভাল হয়নি। আমরা এটি আশঙ্কা করেছিলাম। সরকার যেখানে চেয়েছে নির্বাচন নিরপেক্ষ
করেছে, আবার যেখানে চেয়েছে তাদের প্রার্থীকে জিতিয়েছে। তাই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।
এ কারণে নির্বাচনে কেউ আসতেও চাইনি। আন্তর্জাতিকভাবে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে
কি না তা আমি বলতে পারছি না। তবে আমার মূল্যায়নে এ নির্বাচন গ্রহণযোগ্যতা না পাওয়ার
কথা।
সোমবার (৮ জানুয়ারি) সকালে রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে
সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।
জিএম কাদের বলেন, সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে। আমরা এ নির্বাচন
প্রত্যাখ্যান করছি না। কারণ এটি করার মত আমাদের অবস্থা নেই। নির্বাচনে অংশ নেয়া ভুল
হয়েছি কি সঠিক হয়েছে তা এখনই মূল্যায়ন করা যাবে না। সামনে দিনগুলোতে দেখে তারপর মূল্যায়ন
করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ প্রশাসন, অস্ত্র-পেশিশক্তি ও অর্থের
প্রভাবমুক্ত নির্বাচনের আশ্বাস দিয়েছিল। কিন্তু তারা সেই কথা রাখেনি। নির্বাচনের রাত
থেকে জাতীয় পার্টির প্রার্থীদের হয়রানি-হামলা করা হয়েছে। নির্বাচনের দিন সকাল ১০ থেকে
দুপুর ২টার মধ্যে সকল ভোটকেন্দ্র দখল করে জাতীয় পার্টির প্রার্থীদের এজেন্টকে ভোটকেন্দ্র
থেকে বের করে নৌকায় সিল মারা হয়েছে। এক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী,
প্রশাসন নীরব ছিল। আমরা অসহায় হয়ে পড়েছিলাম।
জাপার চেয়ারম্যান জিএম বলেন, আমরা সংসদে যাব না এমন সিদ্ধান্ত নেয়নি।
নির্বাচন বর্জন করলে আমাদের দলের সমস্যা সৃষ্টি হত। দলীয় রাজনীতি রক্ষায় আঘাত আসতে
পারে এমনটি পরিস্থিতি ছিল। তাই তাদের বিশ্বাস করে নির্বাচনে এসেছি। নির্বাচনে বিশ্বাস
কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলাপ-আলোচনায় আসতে হয়। এছাড়া অন্য প্রক্রিয়া হলো যুদ্ধ
করা, আমরা তো যুদ্ধের মাধ্যমে সমাধান করতে পারবো না। বিশ্বাস করে এসেছি কিন্তু তারা
বিশ্বাস রক্ষা করেনি। তাই আগামীতে তাদের অন্য কেউ বিশ্বাস করবে না। তাদের গ্রহণযোগ্যতার
বিপক্ষে কাজ করবে।
তিনি বলেন, নির্বাচনে আমরা আশানুরূপ ফল পায়নি। সরকার মিডিয়ার মাধ্যমে
বার বার প্রচার করেছে আমাদের আসন ছাড় দেয়া হয়েছে। প্রকৃত পক্ষে ওই ২৬টি আসনে আওয়ামী
লীগের স্বতন্ত্র শক্তিশালী প্রার্থীকে রেখে দেয়া হয়েছে। তাদের দল বহিষ্কার করেনি ও
দলীয় লোকজন ওই প্রার্থীর পক্ষে কাজ করেছে। সকলের ধারনা আমরা আওয়ামী লীগের বি টিম হয়ে
কাজ করছি। সরকার ইচ্ছাকৃতভাবে এটি প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের
মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।










