কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের পর এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। 

চার প্রার্থী হলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার। 

রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, এ উপনির্বাচনে মেয়র পদে আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার চারজন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের তফসিল অনুসারে যাচাই-বাছাইয়ে কাগজপত্র সঠিক পাওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

এর আগে ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত স্বতন্ত্র প্রার্থী ও দুবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হলে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।