নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বান্দরবান পৌরসভা নির্বাচনের দুই মেয়র প্রার্থীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টার দিকে বান্দরবান পৌর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন মেয়র প্রার্থী মো. ইসলাম বেবী (নৌকা) ও মো. নাছির উদ্দিন (নারকেল গাছ)। এর মধ্যে নৌকা প্রতীককে ৫ হাজার ও নারকেল গাছ প্রতীককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে জেলা সদরের বাজার এলাকায় অন্য এক মেয়র প্রার্থী মো. জাবেদ রেজার (ধানের শীষ) এক এজেন্টের ব্যবহার করা হ্যান্ডমাইক হেফাজতে নেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান। তিনি বণিক বার্তাকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বেলা ১১টার দিকে হ্যান্ডমাইক ব্যবহার করার দায়ে নৌকা ও নারকেল গাছ প্রতীকের দুই প্রার্থীকে অর্থ জরিমানা করা হয়েছে। অন্যদিকে ব্যবহাররত অবস্থায় পেয়ে ধানের শীষ প্রতীক প্রার্থীর এক এজেন্টের কাছ থেকে একটি হ্যান্ডমাইক হেফাজতে নেয়া হয়েছে, যা আগামী ১২ তারিখের পর ফেরত দেয়া হবে।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।