করোনা আক্রান্ত রোগীর সেবা দিতে সাময়িকভাবে নিয়োগ পাওয়া সহকারী সার্জনদের মধ্যে ১০ জন বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে যোগ দিয়েছেন। গত মঙ্গলবার (১২ মে) এই চিকিৎসকরা যোগ দেন বলে আজ শনিবার জানিয়েছেন বান্দরবান সিভিল সার্জন।
সিভিল সার্জন কাযালয় সূত্র জানায়, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে গত ৪ মে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১২ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য সাময়িক নিয়োগপ্রাপ্তদের নির্দেশ দেয়া হয়।
বান্দরবানে যোগদান করা নতুন ১০ জন চিকিৎসককে জেলার পাঁচ উপজেলায় পদায়ন করা হয়েছে। এর মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৪ জন, ২ জন করে নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জন করে রুমা ও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুইপ্রু মারমা বলেন, নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশাসনের সঙ্গে সমন্বয়ে করে পাঁচ উপজেলায় পদায়ন করা হয়েছে।
এদিকে বান্দরবারে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।









