স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোরজুড়ে গত ১০ বছরে ১২৪ দশমিক ৯৬৬ কিলোমিটার সড়ক নির্মাণ করেছে। এসব সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৩৭৩ কোটি টাকা। একই সঙ্গে প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে ২ হাজার ১২৩ দশমিক ৫৫ মিটার সেতু। এসব সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৬১ কোটি ৯৪ লাখ টাকা।
যশোর এলজিইডির সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামীণ কাঁচা সড়ক উন্নয়নের অংশ হিসেবে এসব সড়ক নির্মাণ করা হয়। এর বাইরে আরো ৫৪০ কোটি টাকা ব্যয় হচ্ছে ১ হাজার ৪১৩ কিলোমিটার সড়ক ও ৯৩ মিটার ব্রিজকালভার্ট রক্ষণাবেক্ষণে।
যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে জেলায় মোট সড়ক রয়েছে ৯ হাজার ২৪০ দশমিক ৪ কিলোমিটার। জেলার উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সড়ক রয়েছে মনিরামপুর উপজেলায়, যার দৈর্ঘ্য ৩৫৪ দশমিক ৬ কিলোমিটার। কেশবপুরে রয়েছে ১৭৫ দশমিক ১১ কিলোমিটার সড়ক। এছাড়া অভয়নগরে ১৭৭ দশমিক ৪, বাঘারপাড়ায় ২০৫ দশমিক ৭, চৌগাছায় ২১৪ দশমিক ১০, ঝিকরগাছায় ২৯৮ দশমিক ৬, সদরে ৩১৭ দশমিক ৭ এবং শার্শা উপজেলায় ১ হাজার ১৮২ কিলোমিটার সড়ক রয়েছে।
শার্শা উপজেলা প্রকৌশলী এমএম মামুন হাসান বণিক বার্তাকে বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে। আমাদের অধীনে গ্রামের তৃণমূল পর্যন্ত সড়ক রয়েছে ১ হাজার ১৮২ কিলোমিটার। এর মধ্যে ৭১২ কিলোমিটার সড়ক কাঁচা। সরকারের বরাদ্দ সাপেক্ষে প্রতি বছর নতুন সড়ক নির্মিত হচ্ছে। আবার সংস্কারকাজ চলছে প্রতিনিয়ত।
এ ব্যাপারে যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান বণিক বার্তাকে বলেন, জেলার অর্থনৈতিক উন্নয়নে সবার আগে প্রয়োজন সড়কের উন্নতি। সরকারের নির্দেশনা মেনে এলজিইডি সড়ক, ব্রিজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে নিরলসভাবে কাজ করছে।










