বান্দরবানের থানচি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাড়ি খাদে পড়ে এর চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে থানচি-রেমাক্রি-মদৌ-লইক্রে সড়কের ‘২৯ কিলোমিটার’ স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মো. শরিফ উদ্দিন (৩৫)। তিনি বান্দরবান শহরের হাফেজ ঘোনা এলাকার মো. গনির ছেলে।
থানচি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাখাওয়াত বণিক বার্তাকে বলেন, সকাল ৯টার দিকে থানচি-রেমাক্রি-মদৌ-লইক্রে সড়কের ২৯ কিলোমিটার স্থানে ব্রেকফেল হয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এসময় গাড়িতে চালক একাই ছিলেন। তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









