গ্যাস সংকট নিরসন না হলে আগামীকাল ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। পরিবহন শ্রমিক নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে সিলেটের মানুষ গ্যাস সংকটের কারণে দুর্ভোগে রয়েছে। দিন দিন সংকট আরো তীব্র হচ্ছে। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে যাচ্ছেন।

এর আগে গত রোববার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে একটি মানববন্ধন কর্মসূচি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।

সিলেট জেলা সড়ক পরিবহন কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের কোনো জেলায় গ্যাস সংকট নেই, শুধু সিলেটে রয়েছে। এছাড়া বিভিন্ন সময় গাড়ি পোড়ানো, শ্রমিকদের মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন প্রশাসনের কিছু কর্মকর্তা। গ্যাসের লোড চাপ বাড়ানো ও সংকট সমাধান না হলে আগামীকাল থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়েছে।’