মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দিকা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

রায় প্রকাশের সময় আদালতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। মামলার রায়ে নিহতের ভাই মুনসুর আলম সহ পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন, অভিযুক্ত ৫ আসামির সাজা যেন দ্রুত কার্যকর হয় তার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের মো. শহিদের ছেলে মো. মঞ্জুর রহমান (২৭), ছুরমান খাঁ’র ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫), রহিজ উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া (৩৪), গগন খাঁ’র ছেলে মো. আজিজুল হক (২২) এবং গগন খাঁ’র মেয়ে ফেলী বেগম (১৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ১৮ জুন বিকেলে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ১৯ জুন মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এরপর নিহতের ভাই মুনসুর আলম বাদি হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেন এবং ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেন আদালতের বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন এ পি পি আইনজীবী নিরঞ্জন বসাক ও অ্যাড. আফসারুল ইসলাম মনি এবং আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন আইনজীবী ছিলেন লুৎফর রহমান।