ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হোসাইন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে জুলফিকার ও ফিরোজ হোসেন নামে আরো দুই কিশোর। বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত হোসাইন ঝিনাইদহ শহরের বাইপাস মাঝিপাড়ার ব্যবসায়ী মনিরুল ইসলামের ছেলে।

নিহতের বন্ধু আম্মার হোসেন জানায়, বুধবার রাতে হোসাইনসহ পাঁচ বন্ধু মিলে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের স্কুল মাঠে ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত ১০টার দিকে সেখানে বাইসাইকেল রাখাকে কেন্দ্র করে ওই এলাকার জিহাদী হোসেন নামে এক কিশোরের সঙ্গে হোসাইনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়। বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় সমাধান হলেও রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে জিহাদীসহ ১০-১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে হোসাইন, জুলফিকার ও ফিরোজ আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হোসাইন ও জুলফিকারের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে হোসাইনের মৃত্যু হয়। আহত ফিরোজ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে ভর্তি আহত ফিরোজ জানায়, যারা আমাদের উপর হামলা করেছে তারা সবাই একটি  কিশোর গ্যাংয়ের সদস্য। নিহতের মা লিপি বেগম বলেন, আমার ছেলেকে যারা মেরে ফেলেছে আমি তাদের বিচার চাই। ঝিনাইদহ সদর থানার এসআই জাকারিয়া হাওলাদার বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের আটকে অভিযান চালানো হচ্ছে।