ছাত্র-জনতার আন্দোলনে দুই জনকে হত্যা ও হত্যাচেষ্টার মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গতরাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।

সাইফুল ইসলাম রুবেল ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের একান্ত ঘনিষ্ঠ সহচর বলে পরিচিত।

পুলিশ জানায়, হত্যা মামলার আসামি হওয়ার পরও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতেন। গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার নিউমার্কেট সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাস চালক আব্দুর রাজ্জাক রুবেলে (বাদশা রুবেল) ও দশম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক তিনটি মামলার আসামি তিনি। এছাড়াও আরো পৃথক কয়েকটি হত্যাচেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে।

শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, গ্রেফতারের পর নিরাপত্তাজনিত কারণে আসামি রুবেলকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।