মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ ও কুমিল্লায় আরো দুজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
মৌলভীবাজার: গতকাল সকালে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী শ্রীমঙ্গল থেকে অটোরিকশায় করে কলেজে আসছিলেন। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা বাজার নামক স্থানে হঠাৎ একটি শিশু অটোরিকশার সামনে দৌড়ে চলে আসে। অটোরিকশার গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ করতে পারেনি। এ সময় গাড়িতে উল্টে শিক্ষার্থী আব্দুল্লা আল সায়েম ঘটনাস্থলেই মারা যান। আহত হন শিশুসহ আরো চারজন। তাদের গুরুতর আহত আরেক শিক্ষার্থী অমিত সূত্রধরকে সিলেটে নেয়ার পথে মারা যান।
অমিত সূত্রধর শ্রীমঙ্গলের উত্তর ভাগলপুর গ্রামের হরি সূত্রধরের ছেলে এবং আব্দুল্লা আল সায়েম একই উপজেলার পূর্বমাইজী গ্রামের কাসেম মিয়ার ছেলে। কমলগঞ্জ থানার ওসি ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ: ভৈরবে ট্রাকের ধাক্কায় সূর্য ঘোষ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূর্য কিশোরগঞ্জ সদর উপজেলার মন্টু ঘোষের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের সহকর্মী মাসুদ বলেন, ‘সূর্য একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের হেলপার ছিলেন। মঙ্গলবার রাতে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কুমিল্লা: শহরের মডার্ন হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মাওলানা মমতাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ উদ্দিনের বাড়ি নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের তিলিপ গ্রামে।
নিহতের স্বজনরা জানান, মমতাজ উদ্দিন অসুস্থ মেয়েকে দেখতে কুমিল্লা শহরের মডার্ন হাসপাতালে যান। গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।










