ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে অস্থিরতা এখনো কাটেনি। এমন পরিস্থিতিতে দুবাই, আবুধাবি ও শারজাহ এয়ারফিল্ড সীমিত পরিসরে চালু এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে রোববার আরো ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শারজাহ থেকে আসা এবং আবুধাবিগামী দুটি ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আগত একটি এবং দুবাইগামী আরেকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে একই দিনে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ ও দুবাই রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বণিক বার্তাকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত ১৬ দিন ধরে ফ্লাইট পরিচালনায় অস্থিরতা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হবে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের এয়ারফিল্ডগুলো কিছুটা স্বাভাবিক হওয়ায় বিমান চলাচল বাড়ছে।