দেশের তিন বিভাগে মাঝারি ধরনের ভারি বর্ষণের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তর। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে দপ্তরটি জানিয়েছে, খুলনা-চট্টগ্রাম
ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষর করা পূর্বাভাসে আরো বলা হয়েছে,
খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা
ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের
বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য
বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি
সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ
বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ৪৩ মিলিমিটার।
শনিবার (২৭ জুলাই) খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়
এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে
দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে
এ সময়েও খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে
পারে। পাশাপাশি এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২৮ জুলাই) খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা,
রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের
দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ
বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ সময়েও খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও
মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
থাকতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর
প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি
অবস্থায় রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের
প্রবণতা বৃদ্ধি পেতে পারে।










