ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। গতকাল কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, ভবদহ সমস্যা সমাধানে পরীক্ষিত পদ্ধতি টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-জোয়ারাধার) প্রকল্পকে বাদ দিয়ে পাম্পের মাধ্যমে সেচ প্রকল্প চালুর ষড়যন্ত্র করছে পানি উন্নয়ন বোর্ড। এতে এই অঞ্চলের সংকট আরো ভয়াবহ হবে। নেতারা অবিলম্বে সেচ প্রকল্প বাতিল ও টিআরএম চালুসহ ছয় দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো, প্রস্তাবিত প্রায় ৫০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল করতে হবে; ভবদহ স্লুইচ গেটের ভাটিতে পাইলট চ্যানেল করার জন্য ৫-৬টি এক্সক্যাভেটর লাগাতে হবে এবং ২১, ৯ ও ৮ ভেন্টের গেটগুলো ওঠানামার ব্যবস্থা করতে হবে; ক্রাস প্রোগ্রামে মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়া টিআরএম চালু করতে হবে; জনপদের ফসল, মাছসহ অন্যান্য ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে এবং কৃষি ঋণ মওকুফ করতে হবে; আমডাঙ্গা খাল সংস্কারকাজে প্রি-ওয়ার্ক ও পোস্ট ওয়ার্ক জনসমক্ষে টাঙিয়ে দিতে হবে। কাজের স্বচ্ছতা নিরূপণে আন্দোলনকারী সংগঠন ও জনপ্রতিনিধিদের নিয়ে তদারকি কমিটি গঠন এবং সরকারকে মিথ্যা তথ্য প্রদান, বসতবাড়ি ও জানমালের ক্ষতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাঁওয়ালী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, অধ্যাপক অনিল বিশ্বাস, নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, জিল্লুর রহমান ভিটু, চৈতন্য কুমার পাল, শিবপদ বিশ্বাস, কার্তিক বকসী, ইলিয়াস হোসেন, রাজু আহম্মেদ, উত্তম কুমার গাইন, চৈতন্য কবিরাজ, মো. ইন্তাজ আলী, পলাশ মোল্যা, সবুজ কবিরাজ, গৌর চন্দ্র রায় প্রমুখ।