কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে। শনিবার (২ মে) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে বিতর্ক পরিষদ আয়োজিত ৯ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সব গভীর ও অগভীর নলকূপকে সোলারের আওতায় আনতে সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। আগামী এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করার জন্য সরকার চেষ্টা করবে। সেচ পাম্প সোলারে চললে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় হবে। এতে দেশের অর্থনীতি আরো গতিশীল হবে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি কৃষি নির্ভর। সরকার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এরইমধ্যে কৃষক কার্ড বিতরণ করেছে। কৃষক কার্ড চালুর উদ্দেশ্য, চাহিদামাপিক ফসল উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক কার্ডের মাধ্যমে সারা দেশের কৃষি একটি ডাটাবেজের আওতায় আসবে। চাহিদার বাইরে কোনো ফসল উৎপাদন হবে না। কৃষক অনলাইন থেকে জেনে যাবেন কোন জমিতে কি ফসল, কত পরিমাণে চাষ করতে পারবেন। তাহলে বাড়তি ফসলও উৎপাদন হবে না। ফসলের দাম না পেয়ে কৃষকও পথে বসবে না বলে মন্তব্য করেন তিনি।
ভিক্টোরিয়া কলজের বিতার্কিক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর বাস্তবমুখী করে গড়ে তোলে। গণতন্ত্র চর্চায় যুক্তির বিকল্প নেই। একটি যুক্তিনির্ভর সমাজ গঠনে শিক্ষার্থীদের কাজ করতে হবে। এর আগে মন্ত্রী বিতর্ক প্রতিযোগিতায় জয়ী বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভুঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।










