একই সঙ্গে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পরিদর্শনে গিয়ে এসব নির্দেশ দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো মন্ত্রীর থানা পরিদর্শনের একটি ভিডিওতে দেখা গেছে, পরিদর্শনের সময় তিনি সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও থানায় আসার কারণ জানতে চান। পরে ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

হাজতখানার ধারণক্ষমতা, পরিবেশ ও ব্যবহার সম্পর্কে ওসির কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। হাজতে থাকা এক ব্যক্তির খাবারও দেখেন তিনি। এছাড়া ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা আছে কিনা, তাও খোঁজ নেন। পুলিশ সদস্যদের থাকার মেসও পরিদর্শন করেন তিনি।

১০ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পরিদর্শনের একপর্যায়ে ওসিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখেছেন। এ সময় তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।