নারীর অধিকার, সমতা ও ন্যায্যতার দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’। শুক্রবার (১৬ মে) দুপুরে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো সংহতি জানিয়ে অংশ নেয়।

এ কর্মসূচির মাধ্যমে নারী সংস্কার কমিশন বিলুপ্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি তুলে ধরা হয়। এছাড়া ভূমিতে নারীর অধিকার, শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, প্রজনন স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়।

‘সমতার দাবিতে আমরা’ শ্লোগানে একত্রিত হয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারী মুক্তি কেন্দ্র, উদীচী শিল্পীগোষ্ঠী, হিল উইমেনস ফেডারেশন, আদিবাসী ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ নারী জোট, নারী সংহতি, ছাত্রফ্রন্ট (মার্কসবাদী), তীরন্দাজ, শ্রমিক অধিকার আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারীরা জানান, নারী সংস্কার কমিশনের ওপর আঘাত নারী, প্রান্তিক ও নিপীড়িত জনগোষ্ঠীর ওপর সরাসরি আঘাত। ঘৃণা-বিদ্বেষের রাজনীতি ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এ লড়াই অব্যাহত থাকবে, যতদিন না সমতা, মর্যাদা ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়।

বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। এর আগে দুপুর ২টা থেকে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড হাতে সবাই সমবেতভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।