তিস্তা নদীতে ভেসে এসেছে ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী রামচন্দ্র পৌডিয়ালের মরদেহ। পরে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি (আইসিপি) দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করে আদিতমারী থানা-পুলিশ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, সোমবার উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন গ্রামের তিস্তা নদীর চর থেকে অজ্ঞাতনামা একটি মরদেহ উদ্ধার করা হয়। নদীতে পানি কমে যাওয়ার কারণে মরদেহটি বালুতে আটকে ছিল। মরদেহটি ছিল অর্ধগলিত। তাই স্থানীয় লোকজন মরদেহটি শনাক্ত করতে পারেনি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে, ভারত কিংবা সিকিমে ভারী বর্ষণ ও তিস্তার প্রচণ্ড ঢলের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসেছে। পরে পুলিশের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়, মরদেহটি রামচন্দ্র পৌডিয়ালের। তিনি সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রামচন্দ্র পৌডিয়ালের মরদেহ বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতের মেখলিগঞ্জ মহকুমারের পুলিশ কর্মকর্তা আশিস পি সুব্বা, মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস, নিহত রামচন্দ্র পৌডিয়ালের স্বজন নীল শেখ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বাংলাদেশের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন আদিতমারী থানার ওসি মাহামুদ-উন-নবী, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) কাওসার, বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টের কমান্ডার হাফিজুর রহমান।










