বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত জেলাগুলোয় প্রায় ৫৫টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক ৯ হাজার ৫০০ বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রেরণ করেছে তারা। পাশাপাশি প্রায় পাঁচ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সশস্ত্র বাহিনী। এছাড়া বন্যাকবলিত জেলাগুলোয় চিকিৎসা সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক মেডিকেল টিম মোতায়েন রয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজস্ব ব্যবস্থাপনায় জরুরি ত্রাণ সংগ্রহের কার্যক্রমও পরিচালনা করছেন। —আইএসপিআর