বাংলাদেশের তিন তরুণ স্কোয়াশ খেলোয়াড় পাকিস্তানের লাহোরে অনুষ্ঠেয় প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন (পিএসএ) টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন। ইস্পাহানি গ্রুপ ও এবিসি রিয়েল এস্টেটের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এ প্রতিযোগিতায় অংশ নেবেন তারা।

আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর লাহোরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ স্কোয়াশ টুর্নামেন্ট। এতে বাংলাদেশের হয়ে অংশ নেবেন আমিনুল ইসলাম, সাইমুন ইসলাম ও পারভেজ করিম।

পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড়রা বিভিন্ন দেশের স্কোয়াশ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টেও পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি গ্রুপ। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, ব্রিজ ও গলফসহ বিভিন্ন খেলায়ও প্রতিষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করে থাকে।

-সংবাদ বিজ্ঞপ্তি