বাগেরহাটে ক্লিনিকে নেয়ার পথে সড়কের উপর এক নারী সন্তান প্রসব করেছেন। পরে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিলে তাৎক্ষণিকভাবে ‍পুলিশ এসে ওই নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসার ব্যবস্থা করে।

আজ শুক্রবার ভোরে বাগেরহাট শহরে এ ঘটনা ঘটেছে।

জানা যায়,  পৌরসভা সড়কের ভাড়া বাসা থেকে ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে ভ্যানের উপর একটি কন্যা সন্তান প্রসব করেন নিপা মণ্ডল। তিনি মোরেলগঞ্জ উপজেলার লক্ষিখালী গ্রামের অমৃত মন্ডলের স্ত্রী। তিনি বাগেরহাট শহরে মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী অমৃত মন্ডল ধান কাটার শ্রমিক হিসেবে ১৫ দিন আগে চিতলমারী গেছেন।

রাস্তার মধ্যে সন্তান প্রসবের ঘটনা দেখে স্থানীয় এক ব্যক্তি জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন দেন। তখন বাগেরহাট সদর থানা পুলিশ এসে ওই নারীকে ক্লিনিকে ভর্তি করায়। মা ও শিশু সুস্থ আছে বলে জানিয়েছেন ক্লিনিকের পরিচালক ডা. এসকে কাইয়ুম।

নিপা মন্ডলের মা বিথি বাছার বলেন, ভোর ৫টার দিকে নিপার প্রসব বেদনা শুরু হলে ভ্যানযোগে তাকে পার্শ্ববর্তী মুক্তি ক্লিনিকে নেয়ার জন্য রওনা হোন। পথেই সন্তান প্রসব করেন নিপা। পরে পুলিশ তাদের ক্লিনিকে নিয়ে যায়। পুলিশ তাদের অনেক সহযোগিতা করেছেন। 

এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন শিকদার বলেণ, ৯৯৯-এ  খবর পেয়ে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নবজাতক ও তার মাকে ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করা হয়েছে। তাদের পুলিশের পক্ষ থেকে পুষ্টিকর খাবার ও নগদ অর্থ সহায়তাও করা হয়েছে। চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।