নরসিংদীতে এক পিতার বিরুদ্ধে নির্মমভাবে তার একবছর বয়সী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুটির নাম শুভ। অভিযোগ উঠেছে, শিশুটি অতিরিক্ত কান্না করায় তার পিতা বুকে পা তুলে দিয়ে চেপে হত্যা করেছেন। এ ঘটনায় শিশুটির পিতা সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৭ জুলাই) দুপুরে নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বানিয়াদী এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শুভ অতিরিক্ত কান্না করায় পিতা সুমন মিয়া খাট থেকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেন। লাথি মেরেই ক্ষ্যান্ত হননি তিনি। পরে বুকে পা দিয়ে চেপে ধরেন। এসময় শিশুটির চাচা পাশের রুম থেকে এসে দেখেন দেহ নিথর হয়ে গেছে। চাচা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সুমন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
শিশুর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।









