চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) ইউরিয়া উৎপাদন আবার শুরু হয়েছে। গ্যাস সংকটে সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর রোববার ( ২ নভেম্বর) ভোরে পুরোদমে উৎপাদন শুরু হয়। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান কারখানায় উৎপাদন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ এপ্রিল থেকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। ১৯ অক্টোবর থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে কারখানাটিতে। এরপর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।
কারখানা সূত্র জানায়, সিইউএফএল চালু থাকলে দৈনিক ১ হাজার ১০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা যায়। প্রতি মেট্রিক টন সার ৩৮ হাজার টাকা হিসেবে কারখানাটিতে দৈনিক ৪ কোটি ১৮ লাখ টাকার সার উৎপাদিত হয়। কারখানা বন্ধ থাকায় গত সাড়ে ছয় মাসে প্রায় সাড়ে ৮০০ কোটি টাকার সার উৎপাদন করা যায়নি।
কারখানার কর্মকর্তা-কর্মচারীরা জানান, কয়েক বছর ধরে কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো গ্যাস সংকটে দীর্ঘ সময় বন্ধ থেকেছে কারখানা। ২০২৩-২০২৪ অর্থবছরে শুধু পাঁচ দিন চালু ছিল সিইউএফএল কারখানা। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। টানা ১০ মাস বন্ধের পর ১৩ অক্টোবর সিইউএফএল চালু হয়। তবে এ বছরের ৩ জানুয়ারি আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দীর্ঘ সময় লাগে কারখানাটি চালু করতে। এরপর ২৬ ফেব্রুয়ারি রাত আড়াইটার সময় কারখানা চালু হলেও ১১ এপ্রিল গ্যাসসংকটে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, গ্যাস পাওয়ার পর যাবতীয় স্টার্টআপ (কারখানা চালুর প্রক্রিয়া) শেষে ভোরে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। ফলে কারখানার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী সবাই খুশি।









