বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সাতজন জেলে জীবিত উদ্ধার হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টায় টেকনাফের শাহপরীর দ্বীপের বদরমোকামের গরা এলাকায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
উদ্ধার হওয়া জেলেরা হলেন— সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া, গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।
ট্রলার মালিক মোহাম্মদ হাশেম বলেন, আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে। এতে কয়েক লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য সামগ্রী ভেসে গেছে। ট্রলারে থাকা জেলেরা কূলে ফিরে আসতে পারলেও ট্রলারটি ডুবে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরাকান আর্মির ধাওয়ায় এবারো মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
এদিকে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আরেকটি ট্রলারসহ ৭ জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলেও জানিয়েছে ট্রলার মালিক সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের তথ্যানুযায়ী, গত ২০ দিনে ৪০ জন জেলেকে ধরে নেয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৪৪ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে। সর্বশেষ রোববার ১৪ জেলেকে দুটি ট্রলারসহ, শনিবার ১২ জেলেকে একটি ট্রলারসহ, ১২ আগস্ট ৫ জেলেকে একটি ট্রলারসহ এবং ৫ আগস্ট ২ জেলেকে বিহিঙ্গি জাল ও নৌকাসহ ধরে নিয়ে যাওয়া হয়েছিল।










