সাতক্ষীরায় সরকার ঘোষিত দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে না। এখনো জেলার হাটবাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৫-১৮ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরকার ঘোষিত দামের চেয়ে অনেক বেশি দামে তাদের তেল কিনতে হয়েছে। ফলে লোকসান দিয়ে সয়াবিন তেল
বিক্রি করা সম্ভব নয়।
গতকাল সাতক্ষীরা সুলতানপুর বাজারের অন্যতম পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স হাজরা সাধু স্টোরে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১৫০-১৫২ টাকা বা প্রতি কেজি ১৬৮ টাকা এবং পাম অয়েল প্রতি কেজি ১৫৫ টাকা, যা সরকার ঘোষিত দামের চেয়ে লিটারপ্রতি ১৫-১৬ টাকা বেশি।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সুকুমার সাধু জানান, সরকার যে মূল্য ঘোষণা করেছে সে মূল্যে আমরা সয়াবিন বা পাম অয়েল তেল কিনতে পারছি না। আমরা পাইকারি কিনেছি প্রতি কেজি সয়াবিন ১৫৮-১৫৯ টাকা দরে। সেখানে কীভাবে সরকার ঘোষিত দামে বিক্রি করব। লোকসান এড়াতে দাম কিছু বেশি নিতে হচ্ছে। শুধু এ প্রতিষ্ঠানেই নয়, জেলার সব হাটবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন ও পাম অয়েল।
সাতক্ষীরা জেলা মার্কেটিং অফিসার এসএম আব্দুল্লাহ জানান, গত ২০ মার্চ সরকার খোলাবাজারে বিক্রির জন্য সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৩৬ ও পাম অয়েল প্রতি লিটার ১৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি সরকার ঘোষিত দামের বেশি নেয় তাহলে জেলা প্রশাসনের বাজার মনিটর কমিটির মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা
নেয়া হবে।
এ ব্যাপারে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, জেলার বিভিন্ন হাটবাজারে খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, সরকার গত ২০ মার্চ ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছে। কিন্তু সাতক্ষীরায় মজুত যে ভোজ্যতেল আছে তা এর আগেই ব্যবসায়ীরা ক্রয় করেছেন। ফলে ব্যবসায়ীদের বিষয়টিও মাথায় রাখতে হবে। তার পরও কোনো ব্যবসায়ী অতি মুনাফা করার জন্য চড়া দামে বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে।










